আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমাবেশের নামে ফের ষড়যন্ত্র, তাণ্ডব ও সহিংসতায় মেতে উঠেছে বিএনপি-জামায়াত। শনিবার (২৮ অক্টোবর) তাদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য। তাদের হামলা থেকে রেহাই পায়নি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও।

বিএনপি ভুল রাজনীতি করছে মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, ‘তারা খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। আসন্ন জাতীয় নির্বাচন ভন্ডুল করতে তারা সহিংসতার আশ্রয় নিচ্ছে। সংঘাতে জড়িয়ে বিএনপি বিপজ্জনক পথে অগ্রসর হচ্ছে। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালেও তারা এমন সংঘর্ষে জড়িয়েছিল। তখন রাজশাহীতে পিটিয়ে পুলিশ হত্যা করেছিল বিএনপি-জামায়াত।’


পুলিশ সদস্য নিহত


রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম পারভেজ। বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।